News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে কমিউটার ট্রেনে বগি বৃদ্ধি করার দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:৩৫ পিএম নারায়ণগঞ্জ-ঢাকা রুটে কমিউটার ট্রেনে বগি বৃদ্ধি করার দাবি

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কমিউটার ট্রেনে জরুরী ভিত্তিতে বগি বৃদ্ধি করার দাবি জানিয়েছে “রেল তথ্য নারায়ণগঞ্জ" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক বরাবরে দাখিলকৃত এক আবেদনে এ দাবি জানানো হয়।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলরত নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি উদ্বোধনের সময় পাওয়ারকারসহ মোট ১০টি বগি নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কয়েক মাস চলার পর বগির সংখ্যা কমিয়ে ৭টি করা হয়। বর্তমানে বগির সংখ্যা আরও কমে মাত্র ৪টিতে এসে দাঁড়িয়েছে বলে আমরা লক্ষ্য করছি। অথচ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন এবং একসময় এই রুটে ডেমু ট্রেনসহ একাধিক ট্রেন নিয়মিত চলাচল করতো। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের বগি সংকট বিশেষভাবে প্রকট হয়ে দেখা দিয়েছে। বগি সংখ্যা কমে যাওয়ায় ট্রেন নারায়ণগঞ্জ স্টেশন থেকেই অতিরিক্ত যাত্রীচাপে পরিপূর্ণ হয়ে যায় এবং অনেক যাত্রী পরবর্তী স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেনা।

পরবর্তী সময়ে ফতুল্লা, পাগলা ও শ্যামপুর স্টেশনের যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হন। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে ওঠার সময় যাত্রীদের দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। প্রচণ্ড ভিড় ও গরমের মধ্যে যাত্রীদের অত্যন্ত কষ্ট ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

এ অবস্থায় নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলরত কমিউটার ট্রেনের বগি সংখ্যা দ্রুত বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অফিসগামী ও কর্মজীবী মানুষের যাতায়াতের সময় পর্যাপ্ত বগি না থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রেনে পর্যাপ্ত আসন ও যাতায়াতের সুযোগ না থাকায় অনেক যাত্রী টিকিট সংগ্রহ না করেই ট্রেনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বা নিরুৎসাহিত হচ্ছেন। এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে নিয়মিত টিকিট ক্রয়কারী যাত্রীরাও সুষ্ঠু ও নিরাপদ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি ট্রেনে উঠতে না পারাকে কেন্দ্র করে যাত্রীদের উত্তেজিত হয়ে ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের মতো ঘটনাও লক্ষ্য করা গেছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রীদের নিরাপত্তা এবং রেলওয়ের সম্পদের নিরাপত্তা উভয়ই ঝুঁকির মধ্যে পড়তে পারে।

জনসাধারণের দুর্ভোগ, যাত্রী নিরাপত্তা, রেলওয়ের রাজস্ব বৃদ্ধি এবং সার্বিক যাত্রীসেবার বিষয়টি বিবেচনা করে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলরত নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বগি সংযোজন এবং সম্ভব হলে পূর্বের তুলনায় পর্যাপ্ত বগি নিয়ে ট্রেন পরিচালনার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়