News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের সফল ভাবে আটকে রাখলো পুলিশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:১৪ পিএম শ্রমিকদের সফল ভাবে আটকে রাখলো পুলিশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনে তৃতীয় দিন ৪ নভেম্বর বুধবার সকালে আবারো উত্তপ্ত হয়েছিলো শিবুমার্কেট কাঠেরপুল এলাকা। দ্বিতীয় দিনে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে আসতে পারলেও তৃতীয়দিনে শ্রমিকদের আর সেই সুযোগ দেওয়া হয়নি। শুরুতেই টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলন করতে আসা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ। প্রথম দফায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরবর্তীতে শ্রমিকেরা আর সংঘটিত হয়ে পারেনি।

দুপুরের মধ্যাহ্নভোজের ছুটিতে শ্রমিকেরা আবারো সংঘটিত হয়ে আন্দোলনে নামতে পারেন এমন আশঙ্কা থেকেই সতর্ক অবস্থান নেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।

প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরাও দলীয় নেতাকর্মীদের নিয়ে কাঠেরপুল, শিবুমার্কেট, কুতুবাইল, সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় বিএনপি নেতাকর্মীদের পাহারায় কাঠেরপুল এলাকার টাইমস সোয়েটার ও এশিয়া ট্যাক্সের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়। বের হওয়া শ্রমিকদের আর কোথায় এক সাথে জড়ো হতে দেওয়া হয়নি।

পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা শিবুমার্কেট, সস্তাপুর, স্টেডিয়াম সহ লিংক রুট জুড়ে তাদের টহল বৃদ্ধি করেন। সেই সাথে তারা বিভিন্ন স্পটে ড্রোন উড়িয়ে শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করতে দেখা গেছে।

এদিকে মঙ্গলবার শ্রমিকদের আন্দোলন সড়ক অবরোধ থেকে পুলিশের সাথে সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার রূপ নিলেও তৃতীয় দিনে এসে তারা মেইন রোডে উঠতে পারেনি। কাঠেরপুল এলাকায় শিবুমার্কেট-পোস্ট অফিসের রুটের মধ্যে তাদেরকে নিবৃত রাখার পুলিশের চেষ্টা সফল হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের মোতায়েন করা হয়। প্রথমে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত আসার পর আন্দোলন করার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শ্রমিকেরা কথা না শুনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওঠার চেষ্টা করেন। তাদের সড়কে ওঠা ঠেকাতে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এখন পর্যন্ত কোনো কারখানা বন্ধ ঘোষণা করা হয়নি। আন্দোলন থেকে চারজনকে আটক করা হয়েছে।