কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেফতার করেছে এসআরবি-১১।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
গ্রেফতার আবু মোকারম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার উত্তর বরকল (সর্দার বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০১৩ সালের ৯ জুলাই থেকে আবু মোকারম গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ৬ আগস্ট সকালে কারাগারে বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে বেশ কয়েকজন বন্দী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমও। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
এসআরবি-১১ জানায়, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে আবু মোকারম বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করেন। নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন তিনি।








































আপনার মতামত লিখুন :