News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:১৮ পিএম নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন

শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রত্যয়ে "কাবিং করবো, সুন্দর জীবন গড়বো" প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এ ক্যাম্পুরীর কার্যক্রম শুরু হয়েছে।

এ ক্যাম্পুরীতে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ জন কাব সদস্য এবং ১০০ জন শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান। এ সময় সদর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে কাব স্কাউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের প্রচলিত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির প্রয়োজনীয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে কাব ক্যাম্পুরী শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক ও আনন্দঘন অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। ক্যাম্পুরীতে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা দলগতভাবে কাজ করা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সেবার মানসিকতায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাবে।

পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীতে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, দলীয় প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ব্যবহারিক শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে কাব সদস্যদের সুপ্ত প্রতিভা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।