News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকেএমইএ ও চেম্বারের শ্রদ্ধাঞ্জলি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:০৭ পিএম মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকেএমইএ ও চেম্বারের শ্রদ্ধাঞ্জলি

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাষাঢা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোরশেদ সারোয়ার সোহেলের নেতৃত্বে সংগঠন দুটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেন, একুশ আমাদের আত্মমর্যাদা, সাহস ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতিকে আজও পথ দেখায়। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা মানে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে সম্মান করা।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলা চর্চা বাড়ানো জরুরি। একুশের চেতনা কেবল একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ ধারণের মধ্য দিয়েই এ চেতনা বাস্তব রূপ পায়। তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেম জাগ্রত করাই সময়ের দাবি।

শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে বিকেএমইএ’র পরিচালক জাকারিয়া ওয়াহিদ, নজরুল ইসলাম স্বপন, মামুনুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে পরিচালক সোহেল আক্তার সোয়ান, জাকারিয়া ওয়াহিদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মুজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, সিইও হাবিবুর রহমান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।