News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ভেজাল দুর্নীতি যানজটের বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান বাপা সভাপতির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৪১ পিএম ভেজাল দুর্নীতি যানজটের বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান বাপা সভাপতির

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রমজান আমাদের জীবনে আত্মশুদ্ধি, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি জীবন ছাড়াও সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া মোড় ও বিভিন্ন বাজার এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে ভোগান্তি বাড়ে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাজার মনিটরিংয়ের দুর্বলতা এবং খাদ্যে ভেজাল মিশ্রণের অভিযোগও বাড়ে এ সময়।

তিনি বলেন, ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।মাসুম আরও বলেন, শীতলক্ষ্যা নদীর দূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও বিদ্যুৎ সমস্যার মতো দীর্ঘদিনের ইস্যুগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

রমজানের সংযম ও দায়িত্ববোধকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শৃঙ্খলাপূর্ণ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।