News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

নলখালী খালে উপজেলা প্রশাসনের জায়গা উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৩২ পিএম নলখালী খালে উপজেলা প্রশাসনের জায়গা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের নলখালী খালে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়ে প্রায় ২ দশমিক ৫ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার পরিচালিত এ অভিযানে খালের ভেতরে নির্মিত একটি অবৈধ দেয়াল অপসারণ করা হয়।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খালের একটি অংশ দীর্ঘদিন ধরে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে এমন অভিযোগ তাদের নজরে আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

ইউএনও’র নির্দেশনায় ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত অংশে লাল পতাকা টাঙিয়ে চিহ্নিত করা হয়।

অভিযানে দেখা যায়, এক ব্যক্তি খালের অভ্যন্তরে প্রায় ২.৫ শতাংশ জায়গা দখল করে দেয়াল নির্মাণ করেছেন। পরে প্রশাসনের উপস্থিতিতে ওই অবৈধ দেয়াল অপসারণ করা হয় এবং খালটির দখলমুক্ত অংশ পুনরুদ্ধার করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খালসহ অন্যান্য সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।