ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সয়াবিন তেলবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (৬ জুন) সকাল ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম বাবলু (৫০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রামকৃষ্ণবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজন শাকিল জানান, তার চাচা বাবুল ‘মায়ের দোয়া ট্রান্সপোর্ট’-এর ঢাকা মেট্রো-উ ১১-৪২৮০ নম্বরের কাভার্ড ভ্যান চালাতেন। চট্টগ্রাম থেকে রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সোনারগাঁ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি জানতে পারেন, তার চাচা ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহত হেলপারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে চালককে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য আনজিল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে। এছাড়া হেলপারকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


































-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :