News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে শুকতারা : মোজাম্মেল হক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:৪৭ পিএম ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে শুকতারা : মোজাম্মেল হক

শুকতারা যুব সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার বলেন, হাঁটি হাঁটি পা পা করে শুকতারা অর্ধশত বছরের গৌরবময় পথচলা অতিক্রম করছে। এ ক্লাব থেকে উঠে আসা অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়সহ ঢাকার বিভিন্ন ক্লাবে সুনামের সঙ্গে খেলেছে। নারায়ণগঞ্জের ফুটবলকে আরও এগিয়ে নিতে শুকতারা যুব সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর অক্টোঅফিস এলাকায় অবস্থিত শুকতারা যুব সংসদ ক্লাব পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। ওই সময়ে মোজাম্মেল হক তালুকদার এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ফুটবল অঙ্গনে শুকতারা যুব সংসদ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ক্লাবটি সুনামের সঙ্গে জেলার ফুটবলকে সমৃদ্ধ করে আসছে। তাই খেলাধুলার স্বার্থে এই ঐতিহ্য ধরে রাখতে এবং ক্লাবের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি জোর দিয়ে আসছেন। আমরাও খেলাধুলাকে সামনের দিকে বিশেষ করে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ফুটবলের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানকার অনেক খেলোয়াড় দেশের বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেই ধারাবাহিকতায় শুকতারা যুব সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করে। বর্তমান সময়ে তরুণদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শুকতারা যুব সংসদ দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করছে। আমাদের যুব সমাজ ভিন্ন পথে চলে যাচ্ছে এদেরকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি।

মামুন মাহমুদ আরও বলেন, জেলার ক্রীড়াঙ্গনে ও ক্লাবের উন্নয়নে নারায়ণগঞ্জের যারা পাইনিওয়ার ব্যক্তি আছেন সবাইকে এই ক্লাবে আসতে হবে। সবাই শুকতারা ক্লাবকে উৎসাহিত করতে হবে। সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ক্লাবটি আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।

জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ আশ্বাস দিয়ে বলেন, শুকতারা যুব সংসদের উন্নয়ন ও অগ্রযাত্রায় জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে মজিবুল হক পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ক্লাবের কর্মকর্তা নাদিম হাসান মিঠু।

উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা সাইদুর রহমান সাদু, মেহেবুবুল হক তালুকদার টগর, মাহমুদুল হক শাহীন, ইব্রাহিম হোসেন পিলু, খোকন মিয়া, মো: শাহজাহান, একরামুল কবির মামুন, আওলাদ হোসেন, মান্নান মোল্লা, সেলিম আহমেদ, ক্যাপ্টেন আরিফ হাওলাদার, কোচ সাগর, ফারুক প্রমুখ। এর আগে মামুন মাহমুদ ক্লাবে  আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের কর্মকর্তারা।