News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ইভটিজিং ডাকাতি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ডিসির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৮:১৪ পিএম ইভটিজিং ডাকাতি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ডিসির

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

তিনি বলেছেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশের সঙ্গে আলোচনা করবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।