নারায়ণগঞ্জে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে অনলাইন পত্রিকা ‘বাংলার শিরোনাম’।
বৃহস্পতিবার (২৫ জুন) শহরের ডাক বাংলো ভবনে আয়োজিত এই কর্মশালায় নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সকাল থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।
প্রশিক্ষণ সেশনে প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে সাবলীল আলোচনা করেন। তিনি রিপোর্ট লেখার সঠিক নিয়ম, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং উপস্থাপনার কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন। প্রশিক্ষণের প্রথম অংশে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপভিত্তিক সেশন পরিচালিত হয়। দুপুরের বিরতির পর বিকালের সেশনে প্রশিক্ষক মোবাইল সাংবাদিকতা (মোজো), নিউজের গঠন এবং মোবাইল সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ব্যবহারিক দিক তুলে ধরেন। এছাড়া আলোর ব্যবহারসহ প্রযুক্তিগত বিভিন্ন বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, নেশা হিসেবে নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে এই পেশায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আপনারা প্রশিক্ষিত হয়ে এই চ্যালেঞ্জিং পেশায় আরও দক্ষ হয়ে উঠুন।
তিনি সাংবাদিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা হাফেজ আব্দুল মোমিন প্রমূখ।
এছাড়াও বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান ও দৈনিক বাংলার চোখের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ শেষে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্যে ‘বাংলার শিরোনাম’ পত্রিকা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে। ঠান্ডা ও মনোরম পরিবেশে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অত্যন্ত আগ্রহের সাথে বিষয়গুলো আয়ত্ত করেন।









































আপনার মতামত লিখুন :