আসন্ন এইচএসসি পরীক্ষায় আমলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য বাধ্যতামূলক স্কুলের বিশেষ কোচিং করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আবু আল ইউসুফ খান টিপু। সেই সাথে শিক্ষক-শিক্ষিকাদের বাইরে থেকে প্রশ্নপত্র কিনে এনে শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা না নেয়ার নির্দেশনাও প্রদান করেছেন।
বৃহস্পতিবার ২৫ জুন সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির এইচ.এস.সি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বাইরে যেখানে যত কোচিংই করো না কেন। স্কুল থেকে তোমাদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করা হবে। তোমরা অবশ্যই সেই কোচিংটি করবে। সেখানে তোমাদের স্কুল থেকে সকল ধরনের সাপোর্ট দেওয়া হবে ভাল ফলাফল অর্জনের জন্য।
সেই সাথে তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, কোনো অবস্থাতেই আপনারা বাইরে থেকে প্রশ্নপত্র কিনে এনে শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নিবেন না। আপনারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবেন সেই প্রশ্নপত্রেই পরীক্ষা নিবেন।
এর আগে আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এর কাছে শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন একটি ভবনের দাবি তুলে তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি মোট তিনটি ভবন রয়েছে। এর মধ্যে একটি নতুন আর দুইটি পুরাতন। পুরাতন দুটি ভবনের মধ্যে পশ্চিম পাশের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ন তাই আমরা এই ভবনটিতে ক্লাস সম্পূর্ন বন্ধ করে পরিত্যক্ত ঘোষণা করে রেখেছি। ওই স্থানে আমাদের বিদ্যালয়ের জন্য একটি নতুন বহুতল ভবন করে দিবেন।
জবাবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সকল কিছুর মধ্যেই চাহিদা এবং সরবরাহের একটি বিষয় রয়েছে। আমাকে নতুন ভবনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আদায় করতে আমার সাথে স্কুল পরিচালনা কমিটিও সংশ্লিষ্ট দপ্তরে যাবে। কিন্তু আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা যদি একটি ভাল ফলাফল উপহার দিতে পারেন তবেই আমাকে যে দায়িত্ব আপনারা দিলেন সেটি পালন করতে সহজ হবে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক হানিফ সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।







































আপনার মতামত লিখুন :