News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ফতুল্লায় ডিপিডিসির ট্রান্সফরমার চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪১ পিএম ফতুল্লায় ডিপিডিসির ট্রান্সফরমার চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় সড়কের পাশে স্থাপিত ডিপিডিসির একটি ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে ডিপিডিসির এনওসিএস ফতুল্লার সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাই বৃহস্পতিবার (৯ জুলাই) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টায় নন্দলালপুর পুলপাড় এলাকায় নবীন টেক্সটাইলের সামনে প্রধান সড়কের পাশে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়েছে বলে স্থানীয় লোকজন অফিসে ফোন করে জানায়।

খবর পেয়ে সকাল প্রায় পৌনে দশটার দিকে কারিগরি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি না পাওয়ার বিষয়টি নিশ্চিত হন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিট পর্যন্ত ট্রান্সফরমারটি যথাস্থানে ছিলো। তবে ভোর ৫টায় সেটি আর দেখা যায়নি।

পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ট্রান্সফরমারটির কোনো সন্ধান না পেয়ে ডিপিডিসি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাত ২টা ১৫ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল একটি অজ্ঞাত গাড়ি ব্যবহার করে ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও ট্রান্সফরমার কিংবা চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে তা গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।।