News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বন্দরে কবুতর বেচাকেনা নিয়ে বিরোধে ৩ জনকে ছুরিকাঘাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৯:৩২ পিএম বন্দরে কবুতর বেচাকেনা নিয়ে বিরোধে ৩ জনকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের বন্দরে কবুতর বেচাকেনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আফজাল হোসেন (৪৫) নামে ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বন্দর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেবের মোড় এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন লম্বাদরদি হাজী সাহেবের মোড় এলাকার মো. শরীফ (৩৪), মো. সম্রাট (৩০) ও মো. রিফাত (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবুতর কেনাবেচাকে কেন্দ্র করে শরীফ, সম্রাট ও রিফাতের সঙ্গে আফজাল হোসেনসহ কয়েকজনের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে আফজালসহ অজ্ঞাত আরও দুজন ধারালো চাকু দিয়ে তিনজনের ওপর হামলা চালায়। আহতদের ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের আলহেরা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজন অভিযুক্ত আফজাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।