নারায়ণগঞ্জ জেলায় পুলিশে কর্মরত সদস্যদের যাদের বাড়ি গোপালগঞ্জে তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেছেন, ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালি দিয়ে ভরে গিয়েছিল প্রশাসন। এখনো আবার ঘুরেফিরে সেই গোপালি দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালি দিয়া ভইরা গেছে। আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালিরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না। আমি ডিসি ও এসপির কাছে এটার লিস্ট চাই। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, এটার লিস্ট চাই। তালিকা চাই আমরা।
রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রায়হান কবির। সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিও উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মান্নান বলেন, মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কীভাবে দেয় জানি না। এটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।





































আপনার মতামত লিখুন :