News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ব্যবসায়ীদের স্বার্থ ও নারায়ণগঞ্জের উন্নয়নেও কাজ করছে চেম্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৭:২৮ পিএম ব্যবসায়ীদের স্বার্থ ও নারায়ণগঞ্জের উন্নয়নেও কাজ করছে চেম্বার

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের ব্যবসায়িক খাতে অরাজক পরিস্থিতির মধ্যেও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিজেদের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সমগ্র দেশের ব্যবসায়িক সেক্টরে যখন একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অনেক চেম্বারে প্রশাসক নিয়োগ করতে হয়েছিল, ঠিক তখন বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অরাজকতা থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্য রক্ষা করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরবর্তীতে সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।"

শনিবার (৮ আগস্ট) বেলা ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং চেম্বারের সাবেক সভাপতি মোঃ মাসুদুজ্জামান।

নারায়ণগঞ্জ চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান মোরশেদ সারোয়ার সোহেল। মন্ত্রণালয়ের বিভিন্ন নোটিশ, আদেশ, প্রজ্ঞাপন ও সুযোগ-সুবিধার তথ্য নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে ব্যবসায়ীদের পক্ষ থেকে কাস্টমস, ভ্যাট, ট্যাক্সসহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধার বিষয়ে চেম্বারের উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, নারায়ণগঞ্জে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত আলোচনা ও মতবিনিময় করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চেম্বারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতার মাধ্যমে চেম্বারের সদস্য ও সংশ্লিষ্টদের জন্য উন্নত চিকিৎসাসেবা, ল্যাব টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

নগরীর যানজট নিরসনে চেম্বারের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে রমজান মাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনকে সহযোগিতা করতে চেম্বারের অর্থায়নে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম পয়েন্টগুলোতে এসব স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করেছেন। নগরবাসীর দুর্ভোগ কমাতে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে যানজট নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে।

যানজটের স্থায়ী সমাধানের জন্য বিকল্প সড়ক নির্মাণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে ২ নম্বর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়নে চেম্বারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও আলোচনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কের প্রয়োজনীয়তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগ ও প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে বাস্তবায়নের পথে রয়েছে বলে জানান তিনি। সড়কটি বাস্তবায়ন হলে শহরের প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমবে, বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে এবং নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পণ্য পরিবহনও আরও সহজ হবে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কার্যক্রমেও চেম্বারের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। এই ধর্মীয় স্থাপনার সৌন্দর্যবর্ধনে চেম্বারের পক্ষ থেকে উল্লেখযোগ্য অর্থায়ন করা হয়েছে বলে জানান মোরশেদ সারোয়ার সোহেল। নগরীর গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিকে আরও সুন্দর ও নান্দনিক পরিবেশে গড়ে তুলতে এ সহযোগিতা করা হয়েছে।

পরিবেশ রক্ষায় চেম্বারের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নারায়ণগঞ্জ শহরকে পরিবেশবান্ধব ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আইল্যান্ডে লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যার জন্য চেম্বারের অর্থায়নে মালি নিয়োগ করা হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। ব্যবসা-বাণিজ্যের বিকাশের সঙ্গে নগরীর যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, অবকাঠামো ও নাগরিক সুবিধা সরাসরি সম্পৃক্ত। তাই ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি নগরীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডেও ভূমিকা রাখতে চায়। একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও ব্যবসাবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় নারায়ণগঞ্জবাসীর কল্যাণ এবং ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলার পাঁচ সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।