News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অপহরণ মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:২৭ পিএম সিদ্ধিরগঞ্জে অপহরণ মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭

যুবককে অপহরণ করে নির্যাতন চালিয়ে মুক্তিপন দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৩) সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে অপহৃত মো. রফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) রাত থেকে ৪ আগস্ট দুপুর পর্যন্ত ১নং ওয়ার্ডস্থ সিআইখোলা মোড় এলাকার একটি কাপড় দোকানে অপহৃতকে আটকে রাখা হয়েছিল।

ছাত্রদল নেতা জিহাদ ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হলো মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২), মো. রমজান (২৩।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সিআইখোলা এলাকার নুরুল ইসলাম নামের অস্থায়ী বাসিন্দার ছেলে নির্মাণ শ্রমিক ভুক্তভোগী মো. রফিকুল ইসলামকে সুকৌশলে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা ডেকে নিয়ে যান। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে পাষবিক হিংস্রতা চালিয়ে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়।

পরবর্তীতে দীর্ঘক্ষণেও দাবিকৃত অর্থ যোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা।

একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পূনরায় নির্যাতন চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা প্রত্যেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে কাদেরের সেল্টারে আসামি জিহাদসহ বিশাল এক সন্ত্রাসী কিশোর গ্যাং গ্রুপ ১নং ওয়ার্ডজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সাধারণ মানুষকে তারা অতিষ্ঠ করে তুলেছেন। হামলা ও লুটপাট চালানোর মাধ্যমে নিঃস্ব করেছেন অসংখ্য সাধারণ মানুষকে।

তথ্য নিয়ে জানা গেছে, এই গ্রুপটি মিজমিজি সিআইখোলা,হীরাঝিল ও শিমরাইল মোড় এলাকার অপরাধ জগতের পরিচিত মুখ। গণঅভ্যুত্থানের পরবর্তীর এই দুইবছরে এসব অপরাধীরা পরিবহন খাতে চাঁদাবাজি,নিরীহ মানুষের উপর নির্মমতা,ব্যবসায়ী কিংবা রাজনৈতিক পরিচয়ের মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটের মাধ্যমে অঢেল অর্থের মালিক বনে গেছেন। এখন পর্যন্ত তাদের হামলা থেকে রক্ষা পায়নি বিএনপি,আওয়ামী লীগ, এনসিপি কিংবা ছাত্রশক্তির নেতাকর্মীরাও। এছাড়াও ছাত্রদলের কাদেরে অফিস সংলগ্নকে মাদক কেনাবেচার নিরাপদ জুন হিসেবে ব্যবহৃত করা হচ্ছে।

সংঘবদ্ধ এসব অপরাধীদের হাতে ঘটে যাওয়া কয়েকটা নির্মম হামলার মধ্যে রয়েছে: এছরের ১০ মার্চ এনসিপি নেতা সাগর মল্লিক ও যুবশক্তি নেতা রাইসুল ইসলামের উপর যে অতর্কিত হামলা চালানো। ১১ মার্চ এনসিপির সাগর মল্লিক ও তার মামাকে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে হামলা করে রক্তজখম করা, ৫ এপ্রিল শিমরাইল মোড়স্থ ফুটপাত দখল নেওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির পুত্রসহ নেতাকর্মীদের উপর হামলা চালানো এবং সাম্প্রতিক সময়ে সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারের ভাতিজাকে রক্তক্ত করা। এছাড়াও অসংখ্য মানুষকে তারা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলা চালানোও ঘটনা রয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা যেদলেরই হোক না কেনো আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা এই এই গ্রুপের বিষয় খোঁজখবর নেওয়া শুরু করেছি।

এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে।