News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

অপরাধ দমনে আরো বেশি মনযোগী হতে পুলিশকে পরামর্শ ডিসির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৯:৪২ পিএম অপরাধ দমনে আরো বেশি মনযোগী হতে পুলিশকে পরামর্শ ডিসির

পুলিশকে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে ব্যস্ত না থেকে সেটি মিটিয়ে অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার ৯ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এমন পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, পুলিশকে নিজেদের ভেতরের দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত থাকতে হলে অপরাধীদের বিরুদ্ধে কাজ করার সুযোগ কমে যায়। তাই নিজেদের মধ্যে থাকা দ্বন্দ্বগুলো মিটিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ভাবে কাজ করতে পারে। পুলিশকে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে। ধীরে ধীরে পুলিশ পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রধান ভূমিকা পালন করে। পুলিশ পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাতে পারলে জেলার অনেক সমস্যার সমাধান হবে। ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে পুলিশকে নৈতিক সমর্থন থেকে শুরু করে আইনগত সহযোগিতাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে চাই, যাতে পুলিশ পুলিশের মতো কার্যক্রম চালিয়ে যেতে পারে।

জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার বাজার নিয়মিত মনিটরিং, যোগাযোগব্যবস্থা সচল রাখা, অবৈধ গ্যাস সংযোগ এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, জনগণই রাষ্ট্রের সব সেবার মূল কেন্দ্র। একটি পরিবারের কথা চিন্তা করলে সেই পরিবারের কাছে রাজনৈতিক দলগুলো ভোট চায়, পুলিশ আইনশৃঙ্খলা সেবা দেয়, গ্যাস-বিদ্যুৎ সংস্থাগুলো সেবা দেয় এবং প্রশাসন ও বিচার বিভাগ তাদের দায়িত্ব পালন করে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কাজের লক্ষ্য মূলত একই জনগণকে সেবা দেওয়া। এ জন্য রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। এখানকার মানুষ অনেক বেশি সহনশীল। রাজনৈতিক দলের নেতারাও অনেকটাই সহনশীল এবং অন্য অনেক জায়গার তুলনায় নারায়ণগঞ্জে এ বিষয়ে আন্তরিকতা রয়েছে। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্টরা।