News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ও’ লেভেলে আবারও জেলার শীর্ষে চেইঞ্জেস স্কুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১০:৩০ পিএম ও’ লেভেলে আবারও জেলার শীর্ষে চেইঞ্জেস স্কুল

প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে ‘ও’ লেভেল পরীক্ষায় জেলার সেরা ফলাফল অর্জনের গৌরব ধরে রেখেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল। মেধা, অধ্যবসায়, শিক্ষক-শিক্ষার্থীর নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সম্মিলিত ফসল হিসেবে এবারের ফলাফলেও ফুটে উঠেছে চেইঞ্জেসের শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব।

বৃহস্পতিবার ২০ আগস্ট চেইঞ্জেস স্কুল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনের পিয়ারসন এডেক্সেল কর্তৃক প্রকাশিত জুন ২০২৬ ‘ও’ লেভেল পরীক্ষার ফলাফলে চেইঞ্জেস স্কুলের সকল পরীক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি একাধিক শিক্ষার্থীর অসাধারণ ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষাঙ্গনে বয়ে এনেছে আনন্দ ও গর্বের নতুন আবহ।

এবার মোট ১৪ জন পরীক্ষার্থী ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বেশ কয়েকজন শিক্ষার্থী।

মোঃ ইফতেকার চৌধুরী ইশান ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৯টি বিষয়েই এ স্টার অর্জন করে অনন্য সাফল্য দেখিয়েছে। তার এই ফলাফল চেইঞ্জেস স্কুলের এবারের সাফল্যের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

অন্যদিকে জান্নাতুল ফেরদৌস আমরিন ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে অর্জন করেছে ৮টি এ স্টার ও ১টি এ। আয়মান আলম ৯টি বিষয়ে পরীক্ষায় পেয়েছে ৭টি এ স্টার ও ১টি এ।

এছাড়া সামসুন্নাহার মাহা ৮টি বিষয়ে পরীক্ষা দিয়ে অর্জন করেছে ৬টি এ স্টার ও ১টি এ। আর মেহেরিন রহমান মাহিয়া ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে পেয়েছে ৪টি এ স্টার ও ৪টি এ।

শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দিত চেইঞ্জেস স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিনের শিক্ষাদর্শন, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা, নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়েই এমন ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে বলে মনে করে স্কুল কর্তৃপক্ষ।

চেইঞ্জেস স্কুলের এই সাফল্য যেন শুধু কয়েকটি উজ্জ্বল ফলাফলের পরিসংখ্যান নয়; বরং এটি স্বপ্ন দেখার, সেই স্বপ্নকে লালন করার এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে তাকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণাময় গল্প। প্রতিটি ভালো ফলাফলের পেছনে যেমন রয়েছে একজন শিক্ষার্থীর নিরলস প্রচেষ্টা, তেমনি রয়েছে শিক্ষক ও অভিভাবকদের ভালোবাসা, দিকনির্দেশনা ও নিরন্তর প্রেরণা।

ফল প্রকাশের এই আনন্দঘন মুহূর্তে চেইঞ্জেস স্কুলের কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।