News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম মাসাবো এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। কয়েকদিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরেই আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে নির্জন বিলে নিয়ে যান। এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।