নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের প্রচারণায় বাধা প্রদান করার অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গিয়াসের অনুসারীরা সোনারগাঁ উপজেলা রিটার্নিং অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেন।
এতে গিয়াসের অনুসারী অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন উল্লেখ করেন, তারা ভট্টপুর এলাকায় ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে সোনারগাঁ থানার শ্রমিক দলের মোশারফ হোসেন তাদের ধাক্কা-থাকি, হুমকি-ধামকি এবং ভয়-ভীতিসহ গালমন্দ করে তার নিকট থেকে একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় এবং তাদের সঙ্গে মারমুখী আচরণ করে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা বাধা ঘটিয়ে বন্ধ করে দেয় এবং উক্ত স্থান থেকে তাদের জোরপূর্বক বের করে দেয়।
অভিযুক্ত মোশারফ হোসেনকে এবং নারায়ণগঞ্জ:৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে একাধিকবার কল করা সত্বেও তারা কল রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


































আপনার মতামত লিখুন :