News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

চির কুমার বকুল ভাই ধানের শীষের ভোট চাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৫ পিএম চির কুমার বকুল ভাই ধানের শীষের ভোট চাই

নারায়ণগঞ্জে ধানের শীষের গণমিছিলে ব্যতিক্রমী স্লোগান দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের এই মিছিলে বিএনপির একজন নেতার নাম ধরে স্লোগান দেয়া হয় ‘চির কুমার বকুল ভাই ধানের শীষের ভোট চাই’, ‘ধানের শীষের ভোট চাই চির কুমার বকুল ভাই’। ঠিক এরকমই স্লোগান দেয়া হয় মিছিলে।

এদিন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে গণমিছিলের আয়োজন করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে শুরু করে শহরের মন্ডলপাড়া এলাকা পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। সেই সাথে মিছিলটি কেন্দ্র করে নেতাকর্মী সহ জনসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।

আর এই মিছিলে অন্যান্য নেতাকর্মীদের সাথে সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার মাহমুদ বকুলও অংশগ্রহণ করেন। এসময় তাকে কেন্দ্র করে নেতাকর্মীরা এই স্লোগান ধরেন।

এ বিষয়ে মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল ফ্যাসিস্ট সরকারের সময়ে সময় মামলা হামলায় জর্জরিত কারাগারে জীবনযাপন করেছেন। যার কারণে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেননি। এবার বিএনপি সরকার গঠন করলে আমরা সবাই মিলে তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করবো।

আনোয়ার মাহমুদ বকুল বলেন, আমি ছাত্রদল থেকে শুরু করে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আর এই রাজনীতি করতে গিয়ে কখনও নিজের জীবনের দিকে খেয়াল করার সুযোগ পাইনি। আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্যে দিন অতিবাহিত করতে হয়েছে। তাই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ হয়নি।