News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

স্লোগান আর বক্তব্যে সুন্দর দেশ হয় না : মমিনুল হক সরকার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৬ পিএম স্লোগান আর বক্তব্যে সুন্দর দেশ হয় না : মমিনুল হক সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, শুধু শ্লোগান আর সুন্দর বক্তব্যের মাধ্যমে সুন্দর দেশ ও সমাজ গড়া যায় না। একটি সূখী সমৃদ্ধ সুন্দর দেশ গড়ার জন্য আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ও যোগ্য দক্ষ জনশক্তি দরকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ বিভাগ আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন।

জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মুফতী জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম ও মাওলানা খোরশেদ আলম ফারুকী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন,  সোনালী সমাজ গড়ার জন্য সোনালী মানুষ দরকার। আজ থেকে সারে চৌদ্দশত বছর পুর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. কুরআনের আলোয় আলোকিত একদল মানুষ গড়েছিলেন, যারা সবাই ছিলেন সোনালী মানুষ, পৃথিবীর সেরা মানুষ, তাদের মাধ্যমেই মদীনায় একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজও যদি কুরআনের আলোয় আলোকিত নৈতিকগুণ সম্পন্ন  নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরী করা যায় তবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে গড়ে তোলার জন্য আহ্বান জানান।

জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পরে পনেরো বছরের কিশোরী ধর্ষিতা হওয়ার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে তাকে নরপশুরা হত্যা করার পরে দেশে কোনো সরকার আছে কি না, এই প্রশ্ন আজ বড় হয়ে দেখা দিয়েছে। যারা এই অপরাধের সাথে জড়িত সবাই সরকারী দলের সাথে সম্পৃক্ত। সরকার যত ভালো কথাই বলুক তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো কোনো আদর্শ উপস্থাপন করতে পারেনি। একদল চাঁদাবাজ, দখলবাজ আর ধর্ষক দ্বারা জাতির কাঙ্খিত মুক্তি অর্জন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে যে সংগঠন পরিচালিত হয়, তারা কখনো খুন ধর্ষণ চাঁদাবাজিতে জড়িত হয় না। তিনি প্রতিটি পাড়া মহল্লায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তিতে মজবুত করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।