News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে : মাওলানা আবদুল জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৭ পিএম জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে : মাওলানা আবদুল জব্বার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় চাষাঢ়ায় ফেডারেশনের কার্যালয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "আমরা আশা করেছিলাম নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের অন্তত নিয়মনীতির মধ্যে থাকা উচিত। বাংলাদেশের মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে; জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করলে তাদের জন্য ভবিষ্যতে খারাপ অবস্থা বিরাজ করবে।"

তিনি আরও বলেন, "বেকারত্ব দূর করে মানুষের হাতে কাজ দিতে না পারলে মাদক ও সামাজিক অবক্ষয় আমাদের গ্রাস করবে। কোরআনের কর্মী হিসেবে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামের বিজয় আনতে আমাদের সচেষ্ট হতে হবে। আসন্ন রমজানের প্রশিক্ষণ নিয়ে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ কর্মীদের ব্যক্তিগত আমল সংশোধনের ওপর জোর দেন। তিনি বলেন, নামাজ কায়েমের পাশাপাশি নিয়মিত জাকাত আদায় করতে হবে। রমজানে প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করতে হবে। নিজে ভালো না হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়; তাই আল্লাহর নিষেধ করা সকল কাজ পরিহার করতে হবে।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, "এবারের নির্বাচনে মানুষ ঘরে ঘরে জামায়াতে ইসলামীকে চিনেছে। ক্ষমতা হঠাৎ করে পেলে তা পরিপক্ব হয় না, ধাপে ধাপে অর্জন করলেই তা টেকসই হয়। রমজানের শিক্ষা তথা তাকওয়া বা খোদাভীতি ছাড়া সমাজে মনুষ্যত্ব টিকে থাকা সম্ভব নয়।"

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মুন্না-এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমূখ।