News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

গোটা নারায়ণগঞ্জে আলোচনায় দিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:১৮ পিএম গোটা নারায়ণগঞ্জে আলোচনায় দিপু

রূপগঞ্জ আসনের সংসদ সদস্য হলেও কার্যক্রমের বিস্তৃতি এখন পুরো নারায়ণগঞ্জজুড়ে। সাংগঠনিক দক্ষতা, মাঠের সক্রিয়তা এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বিত যোগাযোগ এই তিন শক্তিকে ভিত্তি করে নিজেকে জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠা করছেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

দীর্ঘদিন ধরেই রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় দিপু ভূঁইয়া। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি মাঠে অবস্থান ধরে রেখেছেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, বড় সমাবেশ আয়োজন এবং বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান অবস্থান নেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে কেন্দ্রীয় পর্যায়েও তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিপু ভূঁইয়ার জনপ্রিয়তার বড় কারণ তার সরাসরি জনসংযোগ। এলাকার ছোট-বড় সমস্যা, আন্দোলন-সংগ্রাম কিংবা সংকটময় পরিস্থিতিতে উপস্থিত থাকার কারণে সাধারণ ভোটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। ফলে নির্বাচনী রাজনীতিতেও তিনি একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

এদিকে পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া বলেন, রোজার মাসে অতিরিক্ত মুনাফার চিন্তা না করে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। “আমরা সারাবছর ব্যবসা করি। রমজানে মানুষের সহযোগিতার দিকটি বিবেচনায় রেখে যেন কেউ অতিরিক্ত লাভের চেষ্টা না করেন,”এমন আহ্বান জানান তিনি। তিনি জানান, চেম্বারের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং চালু করা হয়েছে হটলাইন নম্বর। নির্ধারিত মূল্যতালিকার বেশি দামে পণ্য বিক্রি হলে অভিযোগ পেলে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, হকার সমস্যা ও ছিনতাই প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন এমপি দিপু। তিনি বলেন, সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবসাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। রমজানকে ঘিরে কমিউনিটি পুলিশিং জোরদারের পাশাপাশি ইতোমধ্যে ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং নারায়ণগঞ্জকে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ’র সহসভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ অন্যান্য পরিচালকরা।

রূপগঞ্জের সীমানা ছাড়িয়ে জেলা রাজনীতিতে সক্রিয় উপস্থিতি এই সমন্বিত কর্মকৌশলই এখন দিপু ভূঁইয়াকে নারায়ণগঞ্জের আলোচিত নেতৃত্বে পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।