News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সবার আগে নারায়ণগঞ্জ, আমরা এমনটাই ধারণ করি : রাজিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:২৯ পিএম সবার আগে নারায়ণগঞ্জ, আমরা এমনটাই ধারণ করি : রাজিব

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, সবার কথা শুনলে মনে হয় নারায়ণগঞ্জে সমস্যার কোনো শেষ নেই। কিন্তু আমরা সব কিছুর দিক থেকে নারায়ণগঞ্জকে উপরে দিকে নিয়ে যাচ্ছি। আমাদের নারায়ণগঞ্জে রাজনীতিবিদ ও ব্যবসায়ী ও জেলা প্রশাসনের মধ্যে একটি সেতু বন্ধন রয়েছে। ৫ আগস্টের পর আমরা দেখেছি সব সময়ই আমাদের সম্পর্কের উন্নতি ঘটছে। পাশাপাশি সমস্যা গুলোও অনেক কমে এসেছে।

তিনি বলেন, একজন মাঠ পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে অনেক শ্রমিকের দুঃখ দুর্দশার বিচার অনেক সময় আমাদের কাছে আসে। শ্রমিক মালিক এবং যে সংগঠন গুলো রয়েছে তাদের সম্পর্ক যদি আরো গভীর হয় তাহলে এই সমস্যা গুলোও দ্রুত সমাধান সম্ভব। কারণ অনেক ছোট ছোট সমস্যাও অনেক সময় প্রকট আকার ধারণ করে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরাও বলবো সবার আগে নারায়ণগঞ্জ। এটা আমরা ধারণ করি বলেই শিল্প কারখানার উন্নয়নে আমরা কে কোন দলের কোন ধর্মের সেটা দেখি না। উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে অতীতেও কাজ করেছি, এখনো করছি ভবিষ্যতেও করবো। ২ হাজারের উপরে কারখানা সমস্যা দেখলাম মাত্র ২৯টা আর ঝুঁকিপূর্ণ মাত্র একটা। এটা কোনো বিষয়ই না। একটু আন্তরিক হলেই এই সমস্যা সমাধান সম্ভব। আমরা যেমন নারায়ণগঞ্জকে ধারণ করি, তেমনি আমাদের এখানে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন উনারা নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের কাজটা করতে পারি তাহলে কোন সমস্যাই আর সমস্যা থাকবেনা।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জে অবস্থিত শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি প্রদানের বিষয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রোববার ১০ মে দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএ এর সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।