News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারেক রহমানের প্রথম বাজেট সোনারগাঁয়ে আনন্দ মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:০৬ পিএম তারেক রহমানের প্রথম বাজেট সোনারগাঁয়ে আনন্দ মিছিল

দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঐতিহাসিক এই বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক ব্যবস্থাপনায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

বাজেট পেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড হাতে মোগরাপাড়া চৌরাস্তায় জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।