News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বিএনপির দলীয়করণ! এনসিপির ক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১০:১৪ পিএম বিএনপির দলীয়করণ! এনসিপির ক্ষোভ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলেছেন এনসিপি নেতারা। ১৯ আগস্ট নতুন করে এডহক কমিটি গঠনের খবরের পর প্রতিক্রিয়ায় ক্ষোভ দেখান এনসিপির দুই নেতা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, ১৬ আগস্ট থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে পদাধিকারবলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া এডহক কমিটির সদস্য করা হয়েছে অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. সহিদুর রহমান, প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন ও সোহেল আক্তার সোহানকে।

এদের মধ্যে প্রফেসর বদরুন্নাহার হলেন মামুন মাহমুদের স্ত্রী। আর বাধন হলেন এমপি কালামের মেয়ে।

আদেশে বলা হয়েছে, এডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম ফেসবুকে লিখেন, রেড ক্রিসেন্টের সদ্য বিগত কমিটিতে আমিও ছিলাম। কিছুটা বিতর্ক ছিলো। সেগুলার সমালোচনাও করেছি। কিন্তু যা কাজ হয়েছে এতে রেড ক্রিসেন্টের সাথে যারা সম্পৃক্ত সবাই বাহবা দিয়েছে। খুশিচিত্তে বলেছে-বিগত ফ্যাসিবাদী আমলের যেই একনায়কতন্ত্র থেকে মুক্ত হয়েছে ভেবে ভালো লাগছে। কিন্তু আজকে দেখলাম সেই ফ্যাসিবাদী আমলের মতো একই কায়দায় নারায়ণগঞ্জ ইউনিটের রেড ক্রিসেন্ট কমিটি দেয়া হয়েছে। এই বিষয়ে পদাধিকার বলে হওয়া বর্তমান চেয়ারম্যানকে বারবার অবগতি করার চেষ্টায় ছিলাম। কিন্তু ধর্মের কথা কিন্তু সবাই শুনে না। আর কারা শুনে না সেটা সবাই জানে। বলতে পারেন? যারা কমিটিতে এসেছে তারা কয়জন রেড ক্রিসেন্ট সম্পর্কে ওয়াকিবহাল? তারা কি কোনো প্রতিষ্ঠানকেই স্বাধীন রাখতে চান না? সব জায়গায় ঠিকঠাক কাজ হোক এটা কি এই সরকার আসলেই চায়? এতটুকু হলফ করে বলতে পারি-পূর্বে এই একনায়কতন্ত্র যারা করেছিলো তাদের নাম সামনে আসলেই রেড ক্রিসেন্টের সদস্যরা ঘৃণাভরে থু থু দেয়। ইনশাল্লাহ সেই পরিস্থিতি হয়তো আবারও দেখতে হবে।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শওকত আলী লিখেন, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ এর এডহক কমিটি দেয়া হয়েছে দেখলাম। রেড ক্রিসেন্ট এর কমিটি নাকি বিএনপির কোন ইউনিটের কমিটি বোঝার উপায় নাই! হইতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি, রেড ক্রিসেন্ট শাখার কমিটি দেয়া হইসে,আমারই বুঝতে হয়ত একটু ভুল হইসে। মানে,এই এত ছোট একটা ব্যাপারেও এইরকম নগ্নভাবে দলীয়করন করা লাগে? হায়রে!