News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা ভাঙচুর লুটপাট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৮:৫০ পিএম সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা ভাঙচুর লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি সিমেন্টবাহী পিকআপে সশস্ত্র হামলা, ভাঙচুর এবং নগদ টাকাসহ সিমেন্ট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের চাপাতি ও লোহার রডের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে আড়াইটায় উপজেলার জৈনপুর এলাকার লিয়াকত আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ‘মেঘনা পাল্প অ্যান্ড পেপার লিঃ’-এর এজিএম (প্রশাসন) মো. আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩০০ বস্তা ফ্রেশ সিমেন্ট নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-উ-১২-৩১১৫) মেঘনা ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল।

গাড়িটি জৈনপুর এলাকায় পৌঁছালে স্থানীয় মো. শুভ (২৮), মো. সুমন (৪৫), মো. রাব্বী (২৮) ও মো. তানভীর (২৯) সহ ৮-৯ জনের একটি সশস্ত্র দল দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে গতিরোধ করে।

আসামীরা চালক মো. রাফিউল হক রাব্বীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালককে মারধর করে নীলা-ফুলা জখম করে, গাড়ির কাঁচ ভেঙে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা সিমেন্ট লুট করে নিয়ে যায়।

চালকের চিৎকারে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিনিধি আবু সাইদ (৪৪) ও মো. সোপান (২০) এগিয়ে এলে আসামিরা তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায়।

আসামি শুভর চাপাতির কোপে আবু সাইদের মাথা গুরুতর রক্তাক্ত জখম হয় এবং মাটিতে পড়ে থাকা অবস্থায় তার কাছ থেকে লেবার বিলের নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া আসামি রাব্বীর লোহার রডের আঘাতে সোপানের ডান হাতের দুটি আঙুল ভেঙে যায়।

স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পুনরায় চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।