News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

 স্বৈরাচারকে কিভাবে তাড়াতে হবে শিখে ফেলেছি : কবির হোসেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৫৬ পিএম  স্বৈরাচারকে কিভাবে তাড়াতে হবে শিখে ফেলেছি : কবির হোসেন

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন বলেছেন, স্বৈরাচারকে যখন সরাতে পেরেছি, আমরা শিখে ফেলেছি কীভাবে স্বৈরাচারকে দেশ থেকে তাড়াতে হয়। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়ে তাদের প্রতিরোধ ও প্রতিহত করা শিখেছি। কেউ আমাদের রুখতে পারবে না। বর্তমান সরকারকে বলবো; অল্প সময়ের মধ্যে সতর্ক হয়ে যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দফায় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত খেলাফত মজলিসের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে ডিআইটি পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। একই সাথে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাফেজ কবির হোসেন বলেন, আমরা ১৬ বছর মেহনত করার পরে আশা করেছিলাম, একটা নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, জনগণ স্বস্তি পাবে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম কী? নির্বাচন শুরু করেছে ভদ্রলোকরূপী শয়তান, শিক্ষিত শয়তান। তারা ইঞ্জিনিয়ারিং করে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদের জন্মই যখন অবৈধ, তাদের কর্মকান্ড বৈধ হবে? মানুষকে কষ্ট দেওয়াই হচ্ছে তাদের কাজ।

তিনি আরও বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকারও সেই অনুসরণ করছে। তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিল, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি করেছে। মন্ত্রীরা চিন্ত করে, চুরি-ছিনতাই রাস্তঘাটে আমাদের করা সম্ভব না। মন্ত্রী হয়ে আমরা কী করব? আইনের কলম ধরে জনগণের পকেট কেটে সেই টাকা আইনের মাধ্যমে নিয়ে যাব। দেশে চুরি-ছিনতাইয়ের বিচার হয়। কিন্তু মন্ত্রীরা কলমের খোঁচায় পকেট কাটে, ওই ছিনতাইকারীদের বিচার হয় না।