যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামোর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে সরকার কাজ করবে। পৌর স্টেডিয়ামকে আউটডোর ইনডোরসহ আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক জেলা স্টেডিয়ামে রূপান্তরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ সম্বলিত স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
সচিব মাহাবুব উল আলম বলেন, নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী একটি জেলা এবং এ জেলা থেকে আমাদের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায় বিভিন্নভাবে সাফল্য অর্জন করেছে। স্টেডিয়ামে যে অবকাঠামো আছে তা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে কাঠামো তৈরি করা হয় নাই। সে বিষয় আমরা জেলা প্রশাসকসহ কমিটির সকলে এই স্টেডিয়ামেকে একটি মাস্টার আওতায় পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চাই। যেখানে ফুটবল, ক্রিকেট ইনডোর থেকে শুরু করে অন্যান্য সমস্ত ফ্যাসিলিটি এখানে তৈরি করা হবে। তাহলে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের টুর্নামেন্ট গুলো আমরা এখানে সম্পাদন করতে পারব। কারণ নারায়ণগঞ্জ যোগাযোগের দিক দিয়ে ঢাকার খুব কাছাকাছি। সেই আলোকে আমরা এটাকে আন্তর্জাতিক মানের স্পোর্টস স্টেডিয়াম হিসেবে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বর্তমান সরকার স্পোর্টসকে জেলা ও উপজেলায় ছড়িয়ে দেয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই অংশ হিসেবে আমরা উপজেলাতে একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করছি।
এসময় স্টেডিয়াম পরিদর্শনকালীন সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. দৌলতুজ্জামান খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সহ অন্যান্য কর্মকর্তাগণ।









































আপনার মতামত লিখুন :