News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

চাষাঢ়ায় ফের মিছিল, রাজপথে ফেরার চেষ্টা আওয়ামী লীগের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৭ পিএম চাষাঢ়ায় ফের মিছিল, রাজপথে ফেরার চেষ্টা আওয়ামী লীগের

দীর্ঘ সময় ধরে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অনেকটাই অনুপস্থিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভা-সমাবেশ, মিছিল কিংবা সাংগঠনিক কর্মসূচিতে আগের মতো দৃশ্যমান না থাকলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি দলটির স্থানীয় নেতাকর্মীরা। বরং পরিস্থিতি বুঝে অপেক্ষাকৃত ছোট পরিসরে, হঠাৎ এবং দ্রুত শেষ করা কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন তারা।

সবশেষ ১৫ সেপ্টেম্বর ভোরে শহরের চাষাঢ়ায় মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মতো কর্মসূচি সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের বড় অংশই মুখ ঢেকে বা পরিচয় আড়াল করে দ্রুত মিছিল করে সরে যাচ্ছেন। কর্মসূচির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে এর ছবি ও ভিডিও। ফলে রাজপথে সীমিত উপস্থিতির পাশাপাশি অনলাইনেও নিজেদের সক্রিয়তা জানান দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের জন্য প্রকাশ্যে বড় কর্মসূচি আয়োজন করা সহজ নয়। এ কারণে কর্মসূচির ধরনেও পরিবর্তন এসেছে। এতে একদিকে মাঠে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া যায়, অন্যদিকে বড় ধরনের সাংগঠনিক ঝুঁকিও এড়ানো সম্ভব হয়।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে ছিল দৃশ্যমান ও সংগঠিত। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলটির শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি ছিল। স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন প্রায় সব ক্ষেত্রেই দলটির নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যেত। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্রকাশ্যে থাকা নেতাদের অনেকে আত্মগোপনে, কেউ কেউ দেশের বাইরে। আবার তৃণমূলের অনেক নেতাকর্মীও রাজনৈতিকভাবে নীরব রয়েছেন।

এই বাস্তবতায় নতুন করে মাঠে ফেরার চেষ্টা কতটা সাংগঠনিক, আর কতটা বিচ্ছিন্ন সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ হঠাৎ মিছিল হলেও এর পেছনে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সমন্বয় কিংবা ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রম কতটা রয়েছে, তা স্পষ্ট নয়।

তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতাকর্মীর ভাষ্য, দলীয় কার্যক্রম পুরোপুরি থেমে নেই। নানা কারণে প্রকাশ্যে কর্মসূচি পালন করা সম্ভব না হলেও নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ রয়েছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাব থাকায় দলটির ভবিষ্যৎ তৎপরতা নিয়েও আগ্রহ রয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের সাংগঠনিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন কৌশলে মাঠে ফেরার চেষ্টা করেন, সেটিও স্থানীয় রাজনীতির সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি এখন প্রকাশ্য বড় কর্মসূচির জায়গা থেকে অনেকটাই সরে এসেছে। কিন্তু হঠাৎ মিছিল, সীমিত পরিসরে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মধ্য দিয়ে দলটির কিছু নেতাকর্মী যে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন, তা সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট। এখন দেখার বিষয়, এই বিচ্ছিন্ন তৎপরতা কতটা ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমে রূপ নেয়।