News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:০৬ পিএম নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত

ফুসফুসের যত্ন সারাজীবন প্রতিপাদ্যে এসকেএফ'র আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ফুসফুস দিবস-২০২৬।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্টে অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড‍্যাব, নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। 

প‍্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. রণজিত রায়, অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন ও ডা. সফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. বেলাল আল আজিজ । 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বেসরকারি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা, এখানে রয়েছে ডাইং, স্পিনিং, সিমেন্ট কারখানা, ইটভাটা- এসবের ধোঁয়ায়  বাতাস হচ্ছে ভারী, হচ্ছে দূষিত। আর এ বাতাস গ্রহণ করে ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে । রাস্ট্র ও এসব কারখানার মালিকদের নিকট আবেদন থাকবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। আর আমরা চিকিৎসকরা হাসপাতালে, ব‍্যক্তিগত চেম্বারে রোগী ও রোগীর স্বজনদের সচেতনতা বৃদ্ধি করতে বলবো । তিনি আরো বলেন যদি মাস্ক ব্যবহার করা যায় অনেকটা রেহাই পাওয়া যাবে এ দূষিত ও ক্ষতিকর দিক থেকে।

প্রধান অতিথি আরো বলেন, ধূমপান থেকে বিরত থাকার জন্য মানুষকে সচেতন করতে হবে, যা ফুসফুসের ক‍্যানসারের অন‍্যতম কারণ। আসুন আমরা ফুসফুসের যত্ন নেই ও ফুসফুসের রোগ থেকে মুক্তি নেই ।