News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মার খায় বিএনপি নেতারা!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৮ পিএম মার খায় বিএনপি নেতারা!
বামে অকিল ভূইয়া ও ডানে শাহ আলম মানিক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারীরা একের পর এক ঘটনার মার খাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারা কোনো হামলার শিকার না হলেও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় নিজ দলীয় নেতাকর্মীদের হাতেই মারধরের শিকার হচ্ছেন। আর এ নিয়ে অধ্যাপক মামুন মাহমুদও যেন কোনো প্রতিকারের উদ্যোগ নিচ্ছেন না।

একের পর এক ঘটনায় মার খেয়ে যাচ্ছেন অপদস্থ হচ্ছেন আর মামুন মাহমুদ নিরব ভূমিকা পালন করে যাচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক কিংবা আইনি কোনো রকমেরই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না। সবশেষ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক বিএনপি দলীয় নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন।

বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, গত ৭ নভেম্বর রাজধানী ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‌্যালীর আয়োজন করা হয়। আর এই র‌্যালীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীর যোগদান করেছেন। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরাও র‌্যালীতে অংশগ্রহণ করেন। আর এই র‌্যালীতে শাহ আলম মানিকও উপস্থিত ছিলেন।

র‌্যালীর এক পর্যায়ের শাহ আলম মানিক অন্য কোনো নেতার অনুসারীর বিএনপির নেতাকর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যান। পরবর্তীতে তার ওপর বিএনপির নেতাকর্মীরা ছড়াও হন। সেই সাথে মারধর করে কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্য আরেকজনের কাপড় পড়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিতে অবস্থান করেন।

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। গত ৪ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গনে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী যুবদল কর্মীরা এই হামলা করেন। এসময় বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়াকে ব্যাপক মারধর করা হয়। সেই সাথে তার পড়নে থাকা জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানিয়েছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো- স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ মেলা, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী।

আর এই কর্মসূচি উপলক্ষ্যে জেলা পরিষদে নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসেন। আর এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার তর্ক বিতর্কে ঘটনা ঘটে। আর এই তর্ক বিতর্কের জের ধরে ওকিল উদ্দিন ভূঁইয়াকে কার্যালয় প্রাঙ্গনে একা পেয়ে ব্যাপক মারধর করা হয়। পরে অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়া বলেন, অনুষ্ঠানের শুরুতে মশিউর রহমান রনির সাথে আমার তর্ক বিতর্ক হয়। পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ অন্যান্য নেতারা একত্রে বসে আমাদের মিলিয়ে দেন। এরপর আমি জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গনে আসার সাথে সাথেই আমার ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।

আর এভাবে একের পর এক ঘটনায় মামুন মাহমুদের অনুসারীরা হামলার শিকার হয়ে আসছেন। আর এসব ঘটনার প্রেক্ষিতে মামুন মাহমুদের কোনো তৎপরতা দেখা যায় না।