News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গোগনগরের সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলী জাপানে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:৫৩ পিএম গোগনগরের সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলী জাপানে গ্রেপ্তার

স্বর্ণালংকার চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ নভেম্বর জাপানে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে গুনমা প্রিফেকচারের ওতা শহরের বাসিন্দা কোইচি তানাকাকেও আটক করা হয়েছে।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ফজর আলীকে ‘আলি ফাজার’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বয়স ৬১ বছর।

জাপান পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম এফএম গুনমা জানায়, গত আগস্ট মাসে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে জাপানে পৌঁছান তানাকা। এ সময় তাঁর পোশাকের পকেটে সোনার মুদ্রা ও অলংকারসহ মোট ৬৯টি সামগ্রী পাওয়া যায়। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রীর তথ্য তিনি ঘোষণা করেননি। উদ্ধার হওয়া প্রায় ১ দশমিক ৮ কেজি সোনার বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।

পুলিশ জানায়, এ চালানের মাধ্যমে অন্তত ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগকর ফাঁকি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

তদন্তকারীদের তথ্যমতে, ফজর আলী ও তানাকা আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছিলেন। এ ছাড়া গুনমা প্রিফেকচারের বিভিন্ন দোকানে সোনা বিক্রির সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি জাপানে প্রবেশের আগে ও পরে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণও সংগৃহীত হয়েছে।