নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরান (১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মসজিদের পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে তারা মসজিদের জমি দখলের চেষ্টা করে আসছিল বলে দাবি করেছেন মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার জানান, মসজিদে অযুখানার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া এলাকাবাসীর কাছ থেকে সংগ্রহ করা হয় আরও ৫৪ হাজার টাকা। ওই অর্থ দিয়ে মসজিদের সামনের সরকারি জমির ওপর অযুখানার জন্য সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই অভিযুক্তরা শ্রমিকদের হুমকি-ধামকি দিয়ে কাজে বাধা সৃষ্টি করতে থাকে। বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করা হলেও তারা তাতে সাড়া দেয়নি।
তার দাবি মঙ্গলবার (১২ মে) রাতে অভিযুক্তরা নবনির্মিত প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের প্রধান ফটক ও ভেতরে থাকা আলমারির তালা ভেঙে সরকারি অনুদানের ৬০ হাজার টাকাসহ মোট এক লাখ ১৪ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি।
এদিকে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মসজিদে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









































আপনার মতামত লিখুন :