News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ১০:১৩ পিএম ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা কখনোই হিন্দু-মুসলিম ভেদাভেদ করি নাই। আমরা সবাই ভাই ভাই। আপনাদের যে শৃঙ্খলা ও সম্প্রীতি আমরা দেখেছি, তা অত্যন্ত প্রশংসনীয়।’

‎তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। একটি সুন্দর, সংস্কৃতিমনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গঠনে তিনি কাজ করছেন। এ কারণে আপনাদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, আপনারা সেগুলোর সুফল পাবেন।’

‎সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের কালীবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৪০টি মন্ডপে ২০হাজার করে ৮ লাখ টাকা আর্থিক অর্থ মন্ডপ কর্তৃপক্ষের কাছে তুলে দেন। 

‎রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে আপনারা প্রতিটি থানায় আমাদের পাশে ছিলেন। আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি জায়গায় আপনাদের পাশে পেয়েছি। বিগত সময়ে বিভিন্নভাবে আমাদের পরস্পর থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কাছ থেকে হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত করতো। কিন্তু গত দুই বছরে আমরা তার প্রমাণ পেয়েছি বিএনপি ক্ষমতায় আসার পর আমরা সবাই আপনাদের পাশে আছি।’

‎তিনি আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সেবা করার জন্য আমরা সবসময় পাশে থাকতে চাই। আমরা আশা করছি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনাদের পাশে থাকব।’

‎মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। কারও চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হলে কিংবা পড়ালেখার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়লে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।