নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে একটি ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে দুই নম্বর রেলগেট এলাকায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত তিন মাসের কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ এই তিনটি অঞ্চলে ভাগ করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। প্রত্যেক শনিবার এক ঘণ্টা করে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের প্রতিটি আনাচে-কানাচে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, শুধু সিটি কর্পোরেশন নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যাতে ডেঙ্গুর বিস্তার ঘটাতে পারে এমন পরিবেশ সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে ইতোমধ্যে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি। আগামী তিন মাসেও যাতে ডেঙ্গুতে কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্কুল, কলেজ ও বিভিন্ন মহল্লায়ও পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে নগর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ হাইস্কুল, বিদ্যানিকেতন হাই স্কুল, জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন।









-20260912144331.jpg)






























আপনার মতামত লিখুন :