News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৮:৫৪ পিএম ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফাতেমা আক্তার রেখা নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী মোক্তার হোসেনকে (৫১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালত নিভানা খায়ের জেসী আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন নারায়ণগঞ্জের গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। সেই সাথে তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা ফতুল্লা কাশিপুর হাজীবাড়ী স্কুল রোড সংলগ্ন মৃত আব্দুল আজিজের মেয়ে। তার দ্বিতীয় স্বামী ছিলেন মোক্তার হোসেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ২১ নভেম্বর ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক বলেন, ফাতেমা আক্তার রেখার সাথে তার স্বামী মোক্তার হোসেনের বনিবনা হচ্ছিলো না। ফলে মোক্তার হোসেন বাসা থেকে বের হয়ে একই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। এরই মধ্যে ২০২২ সালের ২০ নভেম্বর রাতের কোন এক সময়ে মোক্তার হোসেন বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে এই ঘটনায় নিহত ফাতেমা আক্তার রেখার মা সাজেদা বেগম বাদী হয়ে স্বামী মোক্তার আলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।