নারায়ণগঞ্জ শহরে বিশ্ববিদ্যালয় নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে সিটি করপোরেশন। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে বন্দর এলাকায় যে কোনো সুবিধাজনক স্থানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
সম্প্রতি নগরীর বাণিজ্যিক এলাকা টানবাজারে নাসিকের অপরাজিতা নগর বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবচেয়ে বড় আয়ের উৎস হোল্ডিং ট্যাক্স। এখান থেকে যেই অর্থ আসে তা দিয়ে নগরীর বিভিন্ন অবোকাঠামো তৈরি সহ সকল ধরনের নাগরিক সেবা প্রদান করা হয়। তাই নগরবাসী সঠিক সময়ে স্বচ্ছতার সঙ্গে ট্যাক্স পরিশোধ করলে বিশ্ববিদ্যালয় নির্মাণের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা যাবে বলেও জানান তিনি।
ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এ বিষয়ে বলেন, নদীর ওপারে আমাদের একটা জায়গা আছে। সেখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগে আলোচনা করেছি যে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে একটা বিশ্ববিদ্যালয় হবে। খুব স্বল্প সময়ে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি এবং আমরা জায়গাও সিলেক্ট করবো যাতে সেখানে একটা বড় ক্যাম্পাস থাকে।
নগরবাসী ঠিকমতো কর পরিশোধ করলে বিশ্ববিদ্যালয় দ্রুত নির্মাণ সম্ভব হবে জানিয়ে নাসিকের প্রশাসক আরো বলেন, আপনাদের আরেকটা দায়িত্ব আছে। আপনারা জানেন সিটি করপোরেশন আপনাদের ট্যাক্সের টাকায় চলে। আমাদের এখানে প্রচুর ট্যাক্স হয় কিন্তু আমাদের ট্যাক্স সেভাবে আদায় হয়না। এক্ষেত্রে আমাদের নিজেদেরও দুর্বলতা আছে, আবার অনেক সময় নাগরিকরাও টেক্স দিতে চাননা। আমরা যদি ভালো ট্যাক্স পেতাম তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কাজটা হয়তো দ্রুতই শুরু করতে পারতাম। আপনাদের কাছে আবেদন টেক্সটা যাতে আপনারা নিয়মিত ভাবে পরিশোধ করেন।
জানা গেছে, সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নারায়ণগঞ্জবাসী অনেক আগে থেকেই করে আসছে। সিটি করপোরেশন যদি শেষ পর্যন্ত নিজেরা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারে তাহলে এর মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এখন পর্যন্ত শহরের ভেতরে দেওভোগ এলাকায় সিটি পার্কের পাশে কলোরব কিন্ডারগার্ডেন স্কুল, টানবাজার বাণিজ্যিক এলাকায় অপরাজিতা নগর বিদ্যালয় নির্মাণ করেছেন। কলরব কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখাপড়ার সুযোগ রয়েছে। অপরাজিতা নগর বিদ্যালয়ে আপাতত অষ্টম শ্রেনি পর্যন্ত লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।






































আপনার মতামত লিখুন :