News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের মশাল মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:১১ পিএম সোনারগাঁয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের মশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাতে প্রজ্জ্বলিত মশাল ও বিশাল মোটরসাইকেল বহর নিয়ে এতে অংশ নেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজপথে আমরা ঐক্যবদ্ধ। কোনো প্রকার অন্যায়, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য বরদাশত করা হবে না। দেশের সার্বিক শৃঙ্খলা রক্ষায় যেকোনো অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী, যুবদল নেতা করিম রহমান, রাকিবুল হাসান, সোহেল রানা, ওমর ফারুক টিটু।

অংশ নেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।