News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িকে ধাক্কা, চালকসহ ২ জনের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:০৮ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িকে ধাক্কা, চালকসহ ২ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগতির চলন্ত অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে মিনি ট্রাকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ মে) দিবাগত রাত আড়াইটায় মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে মিনি ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং তার সঙ্গে থাকা খাগড়াছড়ির মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া মিনিট্রাকটি গভীর রাতে আনারস বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে আসছিল। চলতি পথে টিপুরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে পৌঁছানো মাত্রই মিনি ট্রাকটি তার সামনে থাকা অজ্ঞাত আরেকটি পরিবহনকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় আর ট্রাকে থাকা চালক ও আনারস ব্যবসায়ী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, চলন্ত অবস্থায় অজ্ঞাত কোনো একটি গাড়িতে মিনি ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চালক ও আনারসের মালিকের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিহতের স্বজনরাও বর্তমানে থানায় রয়েছেন।