পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নারায়ণগঞ্জ বুদ্ধ বিহার (নারায়ণগঞ্জ শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র) এ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১ মে) সকালে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এক সময় নেতৃবৃন্দ বলেন, বুদ্ধ পূর্ণিমা মানবতার মুক্তি, শান্তি, মৈত্রী ও অহিংসার মহান বার্তা বহন করে। গৌতম বুদ্ধের শিক্ষা আজও বিশ্বমানবতার জন্য অনুকরণীয় ও প্রাসঙ্গিক। তাঁর বাণী মানুষে মানুষে সম্প্রীতি, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের অনুপ্রাণিত করে।
নেতৃবৃন্দ আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যরে মধ্য দিয়ে একসাথে বসবাস করছে, যা আমাদের গৌরবের বিষয়। বুদ্ধ পূর্ণিমার পবিত্র এই দিনে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ শাসনরক্ষিত ধ্যান কেন্দ্রের (বুদ্ধ বিহার)অধ্যক্ষ ভান্তে চন্দ্র বংশ ভিক্ষু, সহ অধ্যক্ষ অশিন পান্না দিপা, অসিম বড়–য়া, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, অশোক সরকার অর্জুন দাস, তুলশী ঘোষ, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন ঘোষসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।







































আপনার মতামত লিখুন :