নারায়ণগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছেন এনসিপির অঙ্গ সংগঠন "জাতীয় শ্রমিক শক্তি'।
শুক্রবার (১ মে) বিকাল ৩টায় পঞ্চবটি পেট্রোল পাম্পের সামনে নারায়ণগঞ্জ শ্রমিক শক্তির আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদ সরদার।
তিনি বলেন, বিগত সময়ে প্রভাবশালীরা বিলাসী জীবনযাপন করলেও সাধারণ শ্রমিকেরা ন্যায্য মজুরি ও সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতি পরিবর্তনে এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ শ্রমিকদের পাশে থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের অধিকার আদায়ে কাজ করবে।
তিনি আরও বলেন, জাতীয় শ্রমিক শক্তি কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, বরং শ্রমিকদের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, বর্তমান মজুরি কাঠামোতে শ্রমিকদের পরিবার নিয়ে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে। উৎসব ভাতা থেকে বঞ্চিত হওয়ায় শ্রমিকদের প্রায়ই আন্দোলনে নামতে হয়। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মালিকপক্ষের সমালোচনা করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে শ্রমিকের জীবনের চেয়েও পণ্যের মূল্য বেশি গুরুত্ব পায়। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো দুর্ঘটনা এর প্রমাণ।
সভাপতির বক্তব্যে শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন শান্ত বলেন, শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে শ্রমিকরা শোষণ ও নির্যাতনের শিকার হয়ে আসছে। বিশেষ করে বিসিক শিল্পনগরীর মতো এলাকাগুলোতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে প্রচলিত ট্রেড ইউনিয়নগুলোর একটি অংশ মালিকপক্ষের সঙ্গে আঁতাত করে শ্রমিক স্বার্থ বিসর্জন দিচ্ছে বলেও মন্তব্য করেন।
জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সরফরাজ হক সজীব ও মহানগর সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, সদস্য সচিব জুবায়ের তামজিদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।







































আপনার মতামত লিখুন :