মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমাদের শ্রমিকদের ঘাম ও অবদানের ফলেই ‘মেইড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে আস্থা ও সুনামের প্রতীক হয়ে উঠেছে।
মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সুস্থ, দক্ষ ও সচেতন শ্রমশক্তিই দেশের শিল্পখাতের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা আরও জোরদার করা এখন শিল্পখাতের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি।
তিনি বলেন, শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তার সুফল শিল্পখাত ও জাতীয় অর্থনীতিতে প্রতিফলিত হবে। এজন্য শ্রমিক-মালিক সহ সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিক ও মালিক উভয়পক্ষের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীল আচরণ এই সমন্বয়ই আমাদের শিল্প ও দেশ আরও এগিয়ে যাবে।
মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মোরশেদ সারোয়ার সোহেল। তিনি আশা প্রকাশ করেন যে, শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও টেকসই শিল্পখাত গড়ে তোলা সম্ভব হবে।









































আপনার মতামত লিখুন :