News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

গণপিটুনী গ্রেপ্তারেও ছিনতাই কমছে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩৮ পিএম গণপিটুনী গ্রেপ্তারেও ছিনতাই কমছে না

গত সোমবার ভোরে সিটি কর্পোরেশনের কার্যালয় সামনে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর কবলে পড়েন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীরা ওই পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। দিন রাত অভিযান চালিয়ে বন্দর থেকে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে অস্ত্রটি উদ্ধার করে শান্ত হন পুলিশ বাহিনী। এদিকে শহরে ছিনতাই দুইদিন যাবৎ কম হলেও এবার লিংক রোডে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে পড়েছে। বৃহস্পতিবার একটি শিক্ষার্থীর ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় রিক্সা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এর আগে জালকুড়িতে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে একজন নিহত গন গণপিটুনীতে।

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন আহম্মেদ বলেন, শুধু ঈদকে সামনে রেখে নয় শহর ও আশেপাশে এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি রয়েছে বিগত সময় ধরে। আইন-শৃঙ্খলা বাহিনীদের চোখ ফাঁকি রেখে প্রতিনিয়ত ছিনতাই ঘটনা ঘটছে। অনেক ঘটনা পুলিশের কাছে যান না সাধারণ মানুষ। আর যারা যাচ্ছেন তারা বিচার পাচ্ছে না। ছিনতাইকারীদের শেল্টার কারা দিচ্ছে এমন প্রশ্ন সকলের।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়। ‎আহত ছাত্রী হলেন গেন্ডারিয়া থানার ফরিদাবাদ এলাকার মোহাম্মদ রানার মেয়ে তানিয়া আক্তার। জানা গেছে, তিনি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী। ‎প্রত্যক্ষদর্শী ও আহতের ভাই আদিল আলীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তানিয়া আক্তার রিকশাযোগে ফতুল্লা স্টেডিয়াম এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার হাতে থাকা পার্স ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী ব্যাগ টান দিলে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ‎পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৩টা ৪৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ‎বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে ৯ মার্চ মোটরসাইকেলে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তারা ওই পুলিশ সদস্যের কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকেই ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

এএসআই লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তিনি সাময়িকভাবে নিজের টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যায় মিশালকে গ্রেপ্তার করে। পরে সোমবার দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে তার দেখানো মতে বন্দর উপজেলার উইলসন রোড এলাকার শরিফ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা থেকে কাপড়ে মোড়ানো শপিং ব্যাগের ভেতর ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি ছোরা এবং একটি বড় চাকুও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে এএসআই লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেন। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।