News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অবিলম্বে সংবিধান সংস্কার অধিবেশন আহবান করুন : রাকিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৪৬ পিএম অবিলম্বে সংবিধান সংস্কার অধিবেশন আহবান করুন : রাকিব

গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার অধিবেশন আহবান করার কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে জনগণ ৬০ শতাংশের বেশি হাঁ তে ভোট প্রদান করেছে।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি যেই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সরকার গঠন করেছে। ঐ একই নির্বাচনে সংবিধান সংস্কারের পক্ষে দেশের আপামর জনগণ তাদের রায় প্রদান করেছে। অথচ সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার লঙ্ঘন করে সংবিধান সংস্কারের শপথ নিয়ে টালবাহানা শুরু করেছে।

আল আমিন বলেন, অনতিবিলম্বে সরকারী দলের গণভোটের রায় বাস্তবায়নে শুভবুদ্ধির উদয় না হলে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে সাথে নিয়ে রাজপথে দূর্বার গণআন্দোলন গড়ে তুলবে। এসময় তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪মার্চ মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে যোগ দেয়ার জন্য সকলকে আহবান জানান।

শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের কাচারিতে অবস্থিত রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

মুন্সিগঞ্জ সদর থানার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা উসামা আজিজ এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক মুফতী ওলিউল্লাহ, সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সালাউদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির মুন্সিগঞ্জের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর প্রতিনিধি আব্দুল্লাহ বিন আরাফাত ও মুহাম্মদুল্লাহ সহ প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাংবাদিক, উলামায়ে কেরাম, সুধীজন, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।