নারায়ণগঞ্জের ফতুল্লা অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ভোট দিয়ে নতুন এমপি নির্বাচিত করেছেন ভোটাররা। নারায়ণগঞ্জের একটিমাত্র আসনে লড়াই করা এনসিপি প্রার্থীকেই বিজয়ী করেছেন এই আসনের ভোটাররা। প্রত্যাশা করেছেন এই এমপির মাধ্যমেই আসবে পরিবর্তন। তবে সরকার গঠনের চার মাসের বেশি সময় পরেও সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে এই অঞ্চলের মানুষের ভাগ্য। বিরোধী দলীয় এমপি থাকায় এই অঞ্চলে পর্যাপ্ত বাজেট আসবে কিনা তা নিয়ে সন্দিহান বাসিন্দারা।
ফতুল্লা অঞ্চলের বেশ কয়েকটি মৌলিক চাহিদা রয়েছে। বিশেষত নগরবাসীর দুর্ভোগ এবং এই অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটানো। গত ১৭ বছরে একই চাহিদা বলে আসলেও এসব আমলেই নেয়নি সাবেক এমপিরা। তবে বর্তমান সংসদের শুরু থেকেই এখানকার সমস্যার বিষয়ে বার বার সমাধান চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে। যা বর্তমানে মন্ত্রীদের সুনজরে আসার অপেক্ষায় রয়েছে।
ফতুল্লা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। ডিএনডি প্রজেক্টের নামে ১৪০০ কোটি টাকার কাজ করা হলেও তাতে কোন সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রনালয় বরাবর চিঠি ও মন্ত্রী বরাবর প্রশ্ন পাঠান এমপি আল আমিন। সংসদে দাঁড়িয়েও এই অঞ্চলের মানুষের সমস্যা নিরসনে সুনজর চান মন্ত্রনালয়ের। এই ডিএনডি অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে সিদ্ধান্ত নেয়া হয় নিকটস্থ সিটি করপোরেশনের সাথে চুক্তি করে এই অঞ্চলের খালগুলো সচল করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য।
ফতুল্লার উপর দিয়ে যাওয়া পোস্তগোলা পঞ্চবটি চাষাঢ়া সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এবং ধুলোবালিতে ভোগান্তির সড়কে পরিনত হয়েছে। সেই সাথে সরু সড়ক হওয়ায় অব্যবস্থাপনার কারনে যানজট লেগেই থাকে। সংসদে দাঁড়িয়ে এবং মন্ত্রী বরাবর প্রশ্ন পাঠিয়ে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার সুপারিশ করেন এমপি আবদুল্লাহ আল আমিন।
এছাড়া এই অঞ্চলের অন্যতম বড় সমস্যা মাদক নির্মূলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বার বার। এই অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চালানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দাবী জানান। অপরাধীদের নির্মূলে বিশাল এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে ফতুল্লাকে দুইটি থানা করার সুপারিশ করেন। যার মাধ্যমে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে এবং অপরাধ নির্মূলে কিছুটা হলেও ভুমিকা রাখবে।
শুধু তাই নয়, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় চাওয়া হয়। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রী বরাবর সুপারিশ করেন আল আমিন। অনুরোধ জানানো হয় বক্তাবলী ও আলীরটেক অঞ্চলের বাসিন্দাদের জন্য ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মানের জন্য।
এনসিপির জেলার নেতৃবৃন্দরা বলছেন, এই অঞ্চলের মানুষের যত দাবী দাওয়া আছে তার সবগুলোই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি সংসদে মন্ত্রী বরাবর প্রশ্ন প্রেরণ, সংসদে দাঁড়িয়ে প্রস্তাব ও সুপারিশ উত্থাপনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এখন প্রয়োজন কেবল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি। এই সুদৃষ্টি পেলেই পাল্টে যাবে ফতুল্লাবাসীর ভাগ্য।






































আপনার মতামত লিখুন :