News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

৩২ লাখ টাকা বকেয়া, নগর পার্কের সংযোগ বিচ্ছিন্ন ছিল ১ ঘণ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:০৯ পিএম ৩২ লাখ টাকা বকেয়া, নগর পার্কের সংযোগ বিচ্ছিন্ন ছিল ১ ঘণ্টা

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সিটি পার্কের বিদ্যুৎ সংযোগ বকেয়া বিলের কারণে সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এ সময় পার্কের রেস্তোরাঁ ও ভিতরে আলোকসজ্জা বন্ধ হয়ে যায়। তবে এ ঘণ্টা পর আবারও বিদ্যুৎ সংযোগ দিয়ে স্বাভাবিক করে দেওয়া হয়।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সিটি পার্কের নামে প্রায় ৩২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না হওয়ায় ডিপিডিসির একটি দল পার্কে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং প্রধান ফটকে সিলগালা করে দেয়।

এ ঘটনার পর পার্ক এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিকেলে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সন্ধ্যার দিকে ডিপিডিসির কর্মীরা পুনরায় সেখানে গিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দেন বলে জানা গেছে।

তবে কী কারণে কয়েক ঘণ্টার মধ্যেই সংযোগ পুনর্বহাল করা হয়েছে, সে বিষয়ে ডিপিডিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান হিসেবে পরিচিত সিটি পার্কের বিদ্যুৎ বিল বকেয়া ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান এবং পার্কের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য দেওভোগ এলাকার সিটি পার্কটি দীর্ঘদিন ধরে নগরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনেও পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।