News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

পণ্যবাহী ট্রাকে ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:১৯ পিএম পণ্যবাহী ট্রাকে ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন সড়কে পণ্যবাহী ট্রাক থেকে তেল, চিনি, রডসহ মূল্যবান পণ্য ডাকাতির প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তার ও নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছেন ট্রান্সপোর্ট মালিকরা।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা অংশ নেন।

তারা অভিযোগ করেন, সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কে পণ্যবাহী ট্রাকের ওপর হামলা চালিয়ে কোটি টাকার মালামাল লুট করছে। কিন্তু অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে ডাকাতি হিসেবে মামলা না নিয়ে চালক-হেলপারের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৭ ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে মামলা নেওয়া হচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং নিরীহ চালক-হেলপার হয়রানির শিকার হচ্ছেন।

‎মেসার্স নাটোর পরিবহন সংস্থার মালিক মো. মোস্তফা জানান, তাদের একটি ট্রাকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সুপার ওয়েল তেল ফতুল্লা থেকে নাটোরে নেওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকা থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার হলেও অভিযোগটি ডাকাতির মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

‎বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও সাভার, গাজীপুর, কোনাবাড়ী, গাউছিয়া, মিরের বাজার, পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন স্থানে একই চক্র ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে পণ্যবাহী ট্রাক থামিয়ে ডাকাতি করছে। এতে পরিবহন খাত চরম অনিরাপত্তার মধ্যে পড়েছে।

‎মানববন্ধন থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রকে দ্রুত গ্রেপ্তার, পণ্যবাহী ট্রাক ডাকাতির ঘটনায় প্রকৃত ঘটনার ভিত্তিতে মামলা গ্রহণ, মহাসড়কে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার এবং পরিবহন খাতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।